২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’-কে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে জামিন শুনানি শেষে বিচারক তার আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম এই মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, খালেদা জিয়ার প্রচারণায় বাধা প্রদান ও হত্যার উদ্দেশ্যে পরিচালিত ওই হামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যদের শনাক্ত করার লক্ষ্যে দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। জানা গেছে, ধৃত আবুল কাশেমের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশানসহ বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।