রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের অপরাধে ইব্রাহিম খলিল (৪১) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে ৪টি ড্রেজার মেশিন অকেজো এবং ৩ কন্টেইনার জ্বালানি তেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের পূর্ব কেথুড়ী গ্রামের পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও রামগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
প্রশাসন সূত্রে জানা যায়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থл থেকে ড্রেজার মেশিনগুলো ভেঙে অকেজো করে দেওয়া হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত জ্বালানি তেল জব্দ করে পুলিশ।
পরিবেশ রক্ষা ও ফসলি জমি রক্ষার্থে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।