জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর তিনটি দোকান ও দুটি গুদাম পুড়ে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হলেও বাকি দুজন এখনও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৩১ অক্টোবর রাতে বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের তথ্য অনুযায়ী, মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের দোকান ও দুটি গুদাম পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তাঁর ভাই এরশাদ মিয়ার কাঠের দোকানের ১ লাখ টাকা এবং হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানের প্রায় ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমানকে হাসানগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি এম জি রব্বানী সরকার ব্যক্তিগত উদ্যোগে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
তবে অপর দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এরশাদ মিয়া ও হাফিজুর রহমান চরম বিপাকে পড়েছেন। তাঁরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের সর্বস্ব পুড়ে গেছে এবং ব্যবসা পরিচালনার মতো কোনো পুঁজি অবশিষ্ট নেই। নতুন করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য না থাকায় তাঁরা এখন সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তার আবেদন জানিয়েছেন।