শেখ মোঃ কামরুজ্জামান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় তুরাগ নদে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া আবু হোসেন মণ্ডল (৩৫) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (সোমবার) দুপুর ২টার দিকে বড়ইবাড়ী ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পরে রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত আবু হোসেন মণ্ডল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর এলাকার বাবু মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় ‘লিজ ফ্যাশন’ গার্মেন্টস কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেতনের দাবিতে কালিয়াকৈরের একটি গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় সোমবার দশজন বন্ধু মিলে তুরাগ নদে মাছ ধরতে যান। সেখানে তারা নদী পার হওয়ার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। অন্য বন্ধুরা নিরাপদে ওপারে পৌঁছাতে পারলেও আবু হোসেন মণ্ডল মাঝনদীতে ডুবে তলিয়ে যান। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং রাতে তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, দীর্ঘ চেষ্টার পর তুরাগ নদ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।