শেখ মোহাম্মদ কামরুজ্জামান গাজীপুর
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ ও সফিপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্তমানে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের পর শ্রমিকরা এখন বুঝতে পারছেন যে সরকার তাদের দাবি পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছে। এই বাস্তব বুঝতে পেরে তারা ধীরে ধীরে আন্দোলন থেকে সরে আসছেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলেই দেখা যাবে যে রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ১৩ প্লাটুন বিজিবির পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।