সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শেরপুরের অপার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ এবং জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম রকিব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নতুন এই সেলফি কর্নারটি জেলার ঐতিহ্য ও পর্যটন আকর্ষণকে ফুটিয়ে তোলার পাশাপাশি পর্যটকদের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন শেরপুর জেলা প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। এখানকার সবুজ পাহাড়, ঝরনা ও বনাঞ্চল ভ্রমণপিপাসুদের সবসময়ই আকর্ষণ করে। জনপ্রিয় কিছু পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে:
এছাড়াও নালীতাবাড়ীর পানিহাটা-তারানি পাহাড়, ঝিনাইগাতীর রাংটিয়া পাহাড় এবং বিভিন্ন ঐতিহাসিক জমিদার বাড়ি স্থানীয় ও দূর-দূরান্তের পর্যটকদের সমানভাবে আকৃষ্ট করে। নতুন এই সেলফি কর্নার চালুর ফলে শেরপুরের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।