মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগঞ্জ বাইপাস সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। সড়কের মাত্র এক অংশ আরসিসি ঢালাই করা হলেও অপর পাশের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে নানা অনিয়ম আর ধীরগতির কারণে গুরুত্বপূর্ণ এই পথটিতে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং পিচ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী পথচারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট মহলের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও পরিবহনগুলোর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা এমরান হোসেন আক্ষেপ করে জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো স্থায়ী প্রতিকার পাওয়া যায়নি। এছাড়া আবুল হাশেম নামে আরেক ব্যবসায়ী বলেন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এলাকার ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
দুর্ভোগ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা কাজ পুনরায় শুরু করে সড়কটি সম্পূর্ণ চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।