মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে একটি বাসা থেকে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি ওই এলাকার মো. ইলিয়াসের কন্যা। সকালে নিজ ঘরের ভেতর শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির নেপথ্যের কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।