সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মসূচির আওতায় শেরপুর জেলা পুলিশে একটি বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বিপিএটিসি থেকে আগত ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শেরপুর জেলা ও জেলা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে একটি তথ্যবহুল অডিও-ভিজ্যুয়ালি প্রদর্শনী করা হয়। এতে পুলিশের সাংগঠনিক রূপরেখা, বিভিন্ন ইউনিটের কর্মপরিধি, জনবল, দায়িত্ব এবং বিভিন্ন সফলতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
কর্মশালার পরবর্তী অংশে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের প্রশাসনিক কাঠামো, মাঠপর্যায়ের কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিংয়ের নানা দিক নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন কর্মকর্তা।