ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে গুরুদাসপুরে আধুনিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় কাছিকাটা এলাকার আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই সেমিনার সম্পন্ন হয়।
আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের তৎকালীন সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, নেদারল্যান্ডসের পিইউএম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, আরডিওর চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার এফ.এম. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক বিশ্বে টিকে থাকার উপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন। তারা উল্লেখ করেন, বর্তমান যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবসার মাধ্যমেই দেশের যুবসমাজকে দক্ষ সম্পদে রূপান্তর করা সম্ভব।
সেমিনারে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।