রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি উদ্ধার অভিযان ব্যর্থ হওয়ার উপক্রম হয়েছে। উচ্ছেদের অল্প কিছুদিন না যেতেই ফের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পাউবোর জায়গা দখল করে দোকানঘর তোলার অভিযোগ উঠেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে এই অবৈধ দখলদারিত্ব চলছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাউবোর পক্ষ থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে চৌধুরী বাজার এলাকার সমস্ত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি সম্পত্তি কিছুটা মুক্ত হলেও সেই স্বস্তি বেশি দিন টেকেনি। বর্তমানে উচ্ছেদকৃত জায়গার বেশ কয়েকটি পয়েন্টে রাতের আঁধারে ও দিনে প্রকাশ্যেই নতুন করে পাকা ও আধাপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
কার ইন্ধনে বা কার অদৃশ্য নির্দেশে সরকারি জমিতে পুনরায় এসব স্থাপনা মাথাচাড়া দিয়ে উঠছে—তা নিয়ে চলছে নানা গুঞ্জন। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের কঠোর অভিযানের পরও কীভাবে একই স্থানে পুনরায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার সুযোগ মিলছে? এর নেপথ্যে কারা জড়িত, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি রক্ষায় এবং পুনরায় শুরু হওয়া এই অবৈধ নির্মাণকাজ দ্রুত বন্ধ করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।