মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক যুবদল নেতা এবং বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ কামরুজ্জামান মাস্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর শাহপাড়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানাজায় দলীয় নেতাকর্মীসহ সব স্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সংসদ সদস্য বিলকিস ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া, পৃথক বার্তায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কামরুজ্জামান মাস্টারের মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ ও অভিভাবকতুল্য নেতাকে হারাল। দলের দুঃসময়ে তাঁর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক দক্ষতা নেতাকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।