শেখ মোঃ কামরুজ্জামান (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে সামিউল আল আরাফাত (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল আল আরাফাত টাঙ্গাইল সদর আদালতপাড়া ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন সামিউল। পথিমধ্যে কালিয়াকৈরের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর সালনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাফর আলী বিশ্বাস।