মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের বেলা গোপনে একটি নতুন কবর তৈরি হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই কবরটি খনন করেছে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের আল আমিন বাজার মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে বৃহস্পতিবার সকালে একটি নতুন কবর দেখতে পান স্থানীয়রা। কবরটি একটি পুরোনো পাকা কবরের ঠিক পাশেই এমনভাবে তৈরি করা হয়েছে, যা সাধারণত সহজে চোখে পড়ে না। এলাকার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এমনকি মসজিদের ইমামও এই দাফন বা নতুন কবর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে, রাতে গোপনে কাকে এবং কেন এখানে দাফন করা হলো? বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্তের পরই আসল রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।