মোঃ মাইনুল হক নীলফামারী।
সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সুলতান ভাইজান
মানবসেবাই জীবনের ব্রত
এই স্লোগানকে সামনে রেখে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান ইমরান হোসাইন সুলতান, যিনি স্থানীয় জনগণের ভালোবাসায় আজ পরিচিত ‘সুলতান ভাইজান’ নামে। ২০১৬ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি অফ সৈয়দপুর’। ব্যক্তিগত জীবন এবং সামাজিক দায়বদ্ধতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি করে তিনি আজ উত্তর জনপদের মানবতার এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছেন।
সেবামূলক কাজের এক বিশাল চালচিত্র রয়েছে তাঁর ঝুলিতে। স্বেচ্ছায় এ পর্যন্ত ২৪ বার রক্তদান করেছেন এই তরুণ সংগঠক। তাঁর প্রতিষ্ঠিত সংগঠনটির মাধ্যমে নিয়মিতভাবে পরিচালিত হয় বছরজুড়ে নানা মানবিক কর্মসূচি। শীতকালে শীতার্ত মানুষের মাঝে ল্যাপ ও কম্বল বিতরণ, পবিত্র রমজান মাসে চাল, ডাল, তেল, বেসনসহ সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয় অসহায় মানুষের দ্বারে দ্বারে। এছাড়া ঈদুল ফিতরে দুস্থ শিশুদের নতুন জামাকাপড় এবং বয়স্ক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ এবং ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণের মতো মহৎ কাজ নিয়মিত বাস্তবায়ন করে আসছে হিউম্যানিটি অফ সৈয়দপুর।
সুলতান ভাইজানের মানবিকতার আসল রূপ প্রকাশ পায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল সময়ে। যখন আপনজনও মৃত ব্যক্তির লাশের কাছে যেতে ভয় পেত, করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে ধুঁকতো, তখন জীবনের ঝুঁকি নিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছিলেন তিনি। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিজেই ছুটে গেছেন রোগীর বাসায়, সেট করে দিয়েছেন অক্সিজেন। হোম কোয়ারেন্টাইনে থাকা বন্দি পরিবারগুলোর বাসায় বাজার সদাই পৌঁছে দিয়েছেন। এমনকি করোনায় মৃত্যুবরণকারীদের গোসল, দাফন ও কাফন সম্পন্ন করেছেন পরম যত্নে। সম্মুখসারির এই করোনা যোদ্ধা সৈয়দপুরবাসীর মনে চিরস্থায়ী আসন করে নেন সেই দুর্দিনেই।
তাঁর এই সাহসী ও আত্মত্যাগী ভূমিকার স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন তাঁকে ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক’ হিসেবে ভূষিত করে এবং তাঁর সংগঠন ‘হিউম্যানিটি অফ সৈয়দপুর’-কে উপজেলার ‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপনপত্র প্রদান করে। এছাড়া জেলা প্রশাসন থেকেও তিনি ও তাঁর সংগঠন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও সম্মাননা লাভ করেন। শুধু নিজ সংস্থাতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি; নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ২৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত স্বনামধন্য স্বেচ্ছাসেবী জোট ‘সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (Suva)’-এর সভাপতির দায়িত্বও অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন।
মাঠে-ময়দানে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই নিঃস্বার্থ কর্মীর জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেখে এবার সৈয়দপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাঁকে আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জোরালো অনুরোধ জানিয়েছেন। জনগণের সেই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এবং আমৃত্যু মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
জনগণের রায়ে বিজয়ী হয়ে এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সৈয়দপুর পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান এই মানবতার ফেরিওয়ালা সুলতান ভাইজান।