ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিংড়ার ইটালী গ্রামের মৃত চাঁদ আলী খানের ছেলে ধলু খান (৬৬), ক্ষিরপোতা গ্রামের মৃত বাচ্চু প্রামাণিকের ছেলে সোহাগ আলী (৩৭) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজিম হোসেন (৩৫)।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষিরপোতা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর থেকে ক্ষিরপোতাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ধলু খানের কাছ থেকে ২৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।