ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাব এবং স্থানীয় খামারগুলোর বর্জ্য সরাসরি রাস্তায় ফেলে দেওয়ার কারণে এই গ্রামীণ সড়কটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি কিংবা নিয়মিত চলাচলেই রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। এই ঝূঁকিপূর্ণ ও পিচ্ছিল পথ পাড়ি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ পথচারী এবং বিভিন্ন যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুইপাশে গড়ে ওঠা মহিষের খামারগুলোর গোবর এবং বিষাক্ত বর্জ্য পানি কোনো ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই উন্মুক্তভাবে রাস্তায় ফেলা হচ্ছে। এর ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ডেঙ্গুসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. ইয়াকিন আলী জানান, বিলমাড়িয়া কেন্দ্রীয় মসজিদে যাতায়াত এবং মোহরকয়া গোরস্থানে দাফনের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার একমাত্র এই গুরুত্বপূর্ণ পথটিতে এখন সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, খামারের বর্জ্য ফেলা বন্ধ এবং রাস্তাটি টেকসইভাবে সংস্কার করতে হবে।
এ বিষয়ে লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাস্তার ওপর খামারের বর্জ্য ফেলা রোধে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।