রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবন ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নেওয়ামুল মাওলা মিরনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) এই আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে অপরাধী চক্রের প্রভাবে তাকে ছাড়িয়ে নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৌরসভার বালুয়া চৌমুহনী বাজার এলাকার একটি স’মিল ও কাঠের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন মিরন। এর আগেও মাদক ও জুয়া মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম এসেছে এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তার নানামুখী অপরাধের কারণে এলাকার বহু যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মিরনের গ্রেপ্তারের পর এলাকাবাসী কেবল তাকে আইনের আওতায় আনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, এর পেছনে থাকা পুরো সিন্ডিকেটকে ভাঙার দাবি জানিয়েছে। তাকে রিমান্ডে নিয়ে প্রকৃত সহযোগীদের মুখোশ উন্মোচন এবং মাদকের মূল উৎপাটনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, অভিযুক্ত নেওয়ামুল মাওলা মিরন রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের সাখাওয়াত উল্যার ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বালুয়া চৌমুহনী বাজার এলাকায় তার কাঠের ব্যবসা রয়েছে।