ফয়সাল আহমেদ জনি
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। মহড়ায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, ফায়ার ফাইটিং সরঞ্জাম ব্যবহার, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাসহ নিরাপদে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। এছাড়া, ভূমিকম্পের সময় আতঙ্কে না পড়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং উদ্ধারকাজে সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার, উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুল, সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মাস্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। কেবল প্রশাসন নয়, বরং পারিবারিক ও সামাজিক পর্যায় থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে বলে তারা মত প্রকাশ করেন।