ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ভেতর শৃঙ্খলাবোধ, নেতৃত্বদানের ক্ষমতা এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হয়। এছাড়া এটি তরুণ প্রজন্মকে মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সাহায্য করে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, কারিগরি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।