ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট ইউনিয়ন ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাহাট বাজারের বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে সার নিতে আসেন শতাধিক কৃষক। সেখানে ওই দিন সার বিতরণ করা হবে না জানতে পেরে ক্ষুব্ধ হয়ে তাঁরা ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ ও সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনও সেখানে উপস্থিত হন।
প্রশাসনের পক্ষ থেকে সার বিতরণের আশ্বাস দেওয়া হলে কৃষকেরা সড়ক থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে সার বিতরণ শুরু করা হয়।
মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হয়রত আলী বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী তাঁর ডিলার পয়েন্টের জন্য ২৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ৯০ বস্তা এমওপি সার উত্তোলন করা হয়েছে। বুধবার ওই ডিলার পয়েন্টে সার বিতরণের দিন নির্ধারিত ছিল না। তবে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে পড়ায় প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার বিতরণের দিন নির্ধারিত ছিল না। সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। তবে কৃষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টেই সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলায় সারের কোনো সংকট নেই।
##
মোঃরাহিজুল ইসলাম
০১৬১৩০১০২৬৯
০২.০১.২০২৬
ভিডিও নিউজ
ভাইয়া নিউজে যদি প্রতিনিধি নাম টা উল্লেখ করে ভালো হইতো