রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশাল সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এলাকায় টিকে থাকতে হলে মাদক ব্যবসায়ীদের হয় মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার ঈদগাহ ময়দানে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুর রহিম মজুমদার, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু এবং ভোলাকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবু সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও পথসভা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজকে আরও বেশি সচেতন ভূমিকা পালন করতে হবে।