সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে জোরপূর্বক ১২ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করার একটি বড় প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অবৈধ অপচেষ্টা বিজিবির সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) ভোরের দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ২ শিশুসহ মোট ১২ জনকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গোপনে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা দ্রুত বাধা দিয়ে শক্ত অবস্থান নিলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তেই অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সীমান্ত দিয়ে এভাবে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড সীমান্তে অপ্রয়োজনীয় উত্তেজনার সৃষ্টি করছে। ঘটনার পর থেকে লালমনিরহাট জেলার পুরো সীমান্তজুড়ে বিজিবির কঠোর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।