রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের পিঁড়িতে বসার আগেই মারিয়া আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর তার বিয়ের দিন নির্ধারিত ছিল। পারিবারিক কলহের জেরে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মারিয়ার বাবা-মা বিয়ের বাজার করতে রামগঞ্জের সোনাপুর বাজারে যান। ঘর ফাঁকা থাকায় এই সুযোগে তিনি ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। নিহত মারিয়া উপজেলার আউগানখিল গ্রামের ব্যাপারী বাড়ির মনির হোসেনের মেয়ে।
স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্কের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরিবারের দাবি, এ ধরনের কোনো সম্পর্কের বিষয়ে তাদের জানা নেই।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঠিক কী কারণে মারিয়া আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।