প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’-এর সুপারিশের ভিত্তিতে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভা এই প্রস্তাবটি অনুমোদন করলে চূড়ান্ত রূপ পাবে নতুন বেতন কাঠামো।
সূত্র অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির হার গতবারের তুলনায় ১০০ শতাংশেরও বেশি হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া শুরু হবে, যার জন্য প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় প্রয়োজন হতে পারে। নতুন এই বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়টি আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই। সন্ধ্যা ৭টায় তথ্য অধিদপ্তরের সভাকক্ষে বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।