জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আকবর হাট এলাকায় এক ব্যক্তি মাদকের বড় চালান এবং অবৈধ অস্ত্র মজুত করে কেনাবেচা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও থানা পুলিশ যৌথভাবে ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি রাবার বুলেট এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও উদ্ধার করা অস্ত্র-মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।