ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া, থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী কার্যক্রমের মাসিক প্রতিবেদন নিয়মিত সভায় উপস্থাপনের নির্দেশনাও প্রদান করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গত ২৪ আগস্ট ঘটে যাওয়া আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনাড়ায় আসে। সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোনো অপরাধের তথ্য গোপন না করে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
অপরাধপ্রবণতা রোধে সিংড়া বাজারের ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার দায়িত্ব দেওয়া হয়েছে সিংড়া পৌরসভাকে। একই সঙ্গে বাজার এলাকায় পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া স্কুল পর্যায়ে ধূমপান ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং জুমার খুৎবায় ইমামদের মাধ্যমে মাদক ও জুয়ার কুফল প্রচারে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়।
কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার পাশাপাশি গ্রাম্য সালিশের পরিবর্তে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।