ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে নিজেকে ‘র্যাবের সোর্স’ পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠা কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খামারপাথুরিয়া এলাকার প্রায় অর্ধশতাধিক আদিবাসী বাসিন্দার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামরুলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ পাওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
গুরুদাসপুর থানার পুলিশ কর্মকর্তারা কামরুল আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে কামরুলের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।