ইমাম হাছাইন পিন্টু নাটোর
আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নাটোর পুলিশ লাইনসে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শতভাগ পেশাদারিত্ব, আইনানুগ আচরণ, নিরপেক্ষতা এবং সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জটিলতা দেখা দিলে তা পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলার ফোকাল পয়েন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলমসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।