সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৮ হাজার ৭০০ টাকা, দুটি মোবাইল ফোন, জুয়া খেলার তাস ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুরপাড়ে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ রাতে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাতেনাতে ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. মনারুল ইসলাম (৩৭), মো. জহুরুল ইসলাম (২৭), শ্রী পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), মো. নুর আলম (২৬) এবং মো. নান্নু মিয়া (৩৫)। তাঁদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরাম এলাকায়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, জুয়া ও সমাজবিরুদ্ধ অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।