জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!
রাতভর সফল ও সমন্বিত এক উদ্ধার অভিযานের পর চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদী চ্যানেল পুরোপুরি সচল হয়েছে। এর আগে মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ চ্যানেলটিতে নিয়ন্ত্রণ হারিয়ে আটকে পড়েছিল। বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে ব্রেভো অ্যাঙ্করেজে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দুপুরে ১ হাজার ২৮২ টিইইউএস পণ্য ও ২৪ জন নাবিক নিয়ে ১৭০ মিটার দীর্ঘ জাহাজটি শিকৌ বন্দর থেকে কর্ণফুলী চ্যানেল দিয়ে প্রবেশের সময় মোহনায় স্টিয়ারিং বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে এটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালে আটকে যায়।
জরুরি এই পরিস্থিতিতে বন্দরের চারটিরও বেশি টাগবোটের সঙ্গে নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল যুক্ত হয়ে রাতেই যৌথ অভিযান শুরু করে। প্রতিকূল পরিবেশ ও পলিমাটিতে আটকে থাকা জাহাজটি উদ্ধারে লাইটারিংয়ের প্রস্তুতি রাখা হলেও মধ্যরাতের দিকে সফলভাবে সেটিকে চ্যানেল থেকে মুক্ত করা হয়।
উল্লেখ্য, দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। ব্যস্ত এই চ্যানেলে জাহাজ আটকা পড়ার ঘটনাটি বড় ধরনের সংকট তৈরি করতে পারলেও সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সফল এই অভিযানের সঙ্গে জড়িত সব সংস্থাকে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।