মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকার তালিকাভুক্ত মাদক কারবারের সাথে জড়িত।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের দিকনির্দেশনায় এসআই মনিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত এলাকায় অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের নিজ বাসা তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার এবং স্বামী-স্ত্রী দুজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ওই এলাকার মো. মোজাম্মেলের ছেলে মো. শামীম (৩১) এবং তাঁর স্ত্রী মোছা. আদরি আক্তার (২৭)।
এদিকে, একই রাতে সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায় আরেকটি পৃথক অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির ৪টি পূর্ণ এবং ১৫টি খালি মদের বোতলসহ আতাউর রহমান কালু (৪৩) নামের আরেক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের মূলোৎপাটনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।