ইমাম হাছাইন পিন্টু, নাটোর
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে নাটোর রাজবাড়ী মাঠে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬’। শিশুদের মাঝে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে বিশেষ অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সভাপতি মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম, রাজশাহী অঞ্চলের ক্যাম্প চিফ ও সম্পাদক মো. সাইফুল হক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আব্দুস সালাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক স্কাউটস নেতৃবৃন্দ, কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প অফিসিয়াল এবং রোভার স্কাউট স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিশুদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখে এবারের ক্যাম্পুরীতে মোট ১২টি উল্লাস ও ৫টি উৎসবের আয়োজন করা হয়েছে। নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও বন্ধুত্বের অটুট বন্ধনে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পুরী প্রাঙ্গণ।