মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলে ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দেওয়া হয়।
গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তিস্তা নদীসংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নিয়ে এই ঝটিকা মিছিল বের করা হয়। তিস্তা নদীর তীরবর্তী এলাকায় সংক্ষিপ্ত এই মিছিল শেষে তারা দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে মিছিলটির একটি ভিডিও আরসাদুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড করলেও কিছু সময় পর তা মুছে ফেলেন।
ঘটনা প্রসঙ্গে যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান জানান, আনন্দবাজার এলাকায় আরসাদুলের নেতৃত্বে সন্ধ্যার দিকে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী রাতের আধারে ঝটিকা মিছিলটি বের করে এবং পরে পালিয়ে যায়।
এদিকে এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতাকে হত্যা করার পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগের আগ্রাসী মনোভাব থামেনি। তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর খোঁজখবর নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীপারের নির্জন কোনো এলাকায় এই ঝটিকা মিছিল করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।