মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক উৎকর্ষ সাধন এবং পড়াশোনায় উৎসাহ জোগাতে নীলফামারী সদর উপজেলার পাঁচমাথা মোড় সংলগ্ন মদিনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আলহাজ্ব মুফতি মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. এমদাদুল হক।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষা বর্ষের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।