ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার কামরুল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আয়োজনে ‘আলাপন এক্সপ্রেস’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তিনি এই নির্বাচনী প্রতিশ্রুতি দেন। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পরিচালক বায়েজীদ ইসলাম জয়ের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এলাকার সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন প্রার্থী আব্দুল কাহ্হার কামরুল। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দুর্নীতি নির্মূল এবং নাগরিক পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তাঁর বক্তব্য শেষ হলে উপস্থিত সাধারণ মানুষ করতালি দিয়ে সমর্থন জানান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে চৌগ্রামের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা পেশার মানুষ অংশ নেন।
এ সময় স্থানীয় ভোটারদের কয়েকজন জানান, তারা গতানুগতিক নেতৃত্বের পরিবর্তন চান এবং একজন সৎ, চরিত্রবান ও আদর্শবান নেতাকে ইউনিয়ন পরিষদের আগামী চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ. খ. ম. আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক প্রভাষক এন্তাজ আলী এবং পৌর জামায়াতের আমীর প্রভাষক সাদরুল উলাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এছাড়াও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলমগীর কবির বাবুল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সরদার, সদস্য ফয়সাল আহমেদ জনি, মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খাঁন, মোতালেব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।