ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হয়ে দীর্ঘ ৩৩ মাস ভারতীয় কারাগারে বন্দি থাকার পর এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসারা হলেন—কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শারমিন আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পর দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তারা আটক হন। পরবর্তীতে আদালতের আইনি প্রক্রিয়া শেষে প্রায় তিন বছর ভারতীয় বিভিন্ন কারাগারে বন্দি জীবন কাটান তারা। কারাভোগের মেয়াদ শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যকার পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মিত প্রক্রিয়ায় সোনাহাট সীমান্ত দিয়ে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশে ফিরে আসা ব্যক্তিদের স্বজনদের ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন থানায় উপস্থিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।