সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাহিদার তুলনায় সারের সরবরাহ কম থাকায় ডিলার পয়েন্টগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে। সার সংগ্রহের জন্য প্রতিদিন কৃষকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সার ক্রয়ের জন্য কৃষকদের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। চরম ব্যস্ত এই কৃষিকালের সময়ে লাইনে দাঁড়িয়ে দিনের বড় একটা সময় নষ্ট হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত পর্যাপ্ত সারের বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে খোলা বাজারে সার বিক্রির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে, সারের দোকানগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, চাহিদামতো সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে অতিরিক্ত বরাদ্দের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, সম্ভবত অনেক কৃষক আগামী মৌসুমের কথা মাথায় রেখে আগাম সার সংগ্রহ করায় বর্তমানে ডিলারদের কাছে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, দ্রুত অতিরিক্ত সারের চালান এসে পৌঁছালে চলমান এই দুর্ভোগ ও সংকট কেটে যাবে।