সুলতান আহমেদ ময়না, শেরপুর
দীর্ঘ সাত মাস ধরে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত থাকায় বিবদমান পরিস্থিতিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যেগে পৃথক আয়োজনের মধ্য দিয়ে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্র থেকে কমিটি স্থগিত রাখার ফলে স্থানীয় নেতৃত্ব দুই ধারায় বিভক্ত হয়ে দিনব্যাপী পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে দিবসটি উদযাপন করেন।
প্রথম অংশের কর্মসূচি:
সকাল ৭টায় শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রথম অংশের কর্মসূচি শুরু হয়। জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শেরপুর সদর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। দুপুর ১২টায় থানা মোড় এলাকা থেকে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অংশের কর্মসূচি:
অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে অপর অংশটি রঘুনাথ বাজার কার্যালয়ের সামনে পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বিকেল ৪টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, এডভোকেট মোখলেসুর রহমান জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।