নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (সোমবার দুপুরে মান্দা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনা ও মান্দা থানার ওসির নেতৃত্বে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গণেশপুরের কাঞ্চন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরমান আলীর বাড়ি থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের দুজনকে আটক করা হয়। পরবর্তীতে আরমান আলীর ঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকের কারবারের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে। পুলিশ ধারণা করছে, এই ঘটনার সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে।
এ ঘটনায় মান্দা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।