রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনসেবা জোরদার করতে বহরে যুক্ত হয়েছে একটি নতুন গাড়ি। সংসদ সদস্য শাহাদাত সেলিমের একান্ত প্রচেষ্টায় থানায় এই নতুন যানবাহন সংযোজিত হয়েছে।
নতুন এই গাড়ি যুক্ত হওয়ায় পুলিশ প্রশাসনের টহল কার্যক্রম জোরদার হবে এবং জরুরি মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো থানায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত যানবাহন অত্যন্ত জরুরি। নতুন গাড়ি পাওয়ার ফলে পুলিশ এখন আরও সহজে ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে। বিশেষ করে উপজেলার বিভিন্ন প্রান্তে পুলিশের দ্রুত যাতায়াত নিশ্চিত হওয়ায় অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সংসদ সদস্য শাহাদাত সেলিমের এমন জনহিতকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন রামগঞ্জের সাধারণ মানুষ। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।