ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬টি বিভাগে ৩৩ জন প্রভাষক, ১ জন সহকারী অধ্যাপক এবং চিকিৎসাকেন্দ্রে ১ জন মেডিকেল অফিসারসহ মোট ৩৫টি শূন্য পদে প্রার্থী আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ষ্ঠ গ্রেডে সমাজকল্যাণ বিভাগে ১ জন সহকারী অধ্যাপক এবং ৮ম গ্রেডে চিকিৎসাকেন্দ্রে সাইকিয়াট্রিক মেডিকেল অফিসার পদে ১ জন নিয়োগ পাবেন। এছাড়া ৯ম গ্রেডের ৩৩ জন প্রভাষকের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কম্যুনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে ৩ জন করে মোট ২১ জন শিক্ষক নেওয়া হবে।
পাশাপাশি ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া লোক প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন করে প্রভাষক নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে লোক প্রশাসন বিভাগের প্রভাষক পদের জন্য শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
আবেদনের নির্ধারিত ফরম, বেতন স্কেল, বিষয়ভিত্তিক যোগ্যতা এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলী অগ্রণী ব্যাংক পিএলসি-এর ইবি শাখা এবং বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।