রাষ্ট্রীয় কাঠামো ও নীতিগত সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর কেবল ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তন এলেও রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছরেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হওয়া কঠিন বলে তিনি মনে করেন।
মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে আতাউর রহমান আরও বলেন, বর্তমান সরকারের ছয় মাস পার হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হয়নি। মানুষের প্রত্যাশা পূরণে তিনি অবিলম্বে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে উচ্চকক্ষ গঠন এবং আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। এছাড়াও সভায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয় এবং জ্বালানি খাতে টেকসই সমাধান দাবি করা হয়।