কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত মঙ্গলবার দোহার সরকারি সফরের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকগুলোতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক খাতে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
উক্ত বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল করতে উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে।
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলটি কাতারে অবস্থান করছে, যা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।