সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় চারশ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের র্যাব-১৩ সিপিসি ক্যাম্পের একটি দল লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, কর্ণপুর গ্রামের রাজু আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শোয়ার খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মো. রাজু আহমেদ (২৫) এবং মো. শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তঞ্চল থেকে মাদক এনে স্থানীয় বাজারে বিক্রি ও সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।