মোঃ ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী সম্মেলনে ম্রো জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, ম্রো সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। পাহাড়ি অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর সম্মেলনে বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলীকদম জোনের তৎকালীন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফরহাদুর রহমান এবং আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। ম্রো শিশুদের শিক্ষাদীক্ষা ও দক্ষতা বাড়াতে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি অতীতে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ম্রো জনগোষ্ঠীর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।
বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, আলীকদম ও লামা অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে জোন দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে আসছে। স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতায় এই নিরাপত্তা ও উন্নয়নের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং বলেন, নতুন নির্মিত ‘আলীকদম-পোয়ামুহুরী সড়ক’ এ অঞ্চলের মানুষের যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর ফলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
সম্মেলনের সমাপনী পর্বে পাহাড়ি জনপদে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।