সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, সোনারায় ও সর্বানন্দ ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত ঐতিহাসিক গানডার বিলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে তিন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি নিজেদের কৃষিজমি এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করে উঁচু করায় বিলের স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি আটকে গেছে। সামান্য বৃষ্টিতেই বিলের পানি উপচে পড়ে ধানসহ বিভিন্ন শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
সরেজমিনে সোনারায় ইউনিয়নের শিবরাম প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন গানডার বিলের ব্রিজের উত্তর-পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, নুরুন্নবী মিয়া নামের এক ব্যক্তি নিজের জমি উঁচু করার জন্য মাটি ফেলে চারপাশ আটকে দিচ্ছেন। তবে অভিযুক্ত নুরুন্নবী মিয়ার দাবি, এটি পানি চলাচলের মূল পথ নয়। নিজের জমি রক্ষার্থে তিনি পাড় দিয়েছেন এবং বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। একই এলাকার আসাদুল মিয়াসহ আরও কয়েকজন ব্যক্তিকেও জমি ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
কৃষকদের আশঙ্কা, অবিলম্বে এই অবৈধ মাটির বাঁধ ও ভরাট কাজ বন্ধ করা না হলে চলতি মৌসুমে বড় ধরনের ফসলহানি ঘটতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিলের পানি নিষ্কাশনের পথগুলো দখলমুক্ত ও খাল-নালা পুনঃখননের জোরালো দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।