নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ফজরের নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার চার দিন পর মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লি মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মামুনুর রশিদ মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। গত শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে শামুকখোল গ্রামের একটি মসজিদে এই হামলার মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ফজরের নামাজ শেষে মামুনুর রশিদ মসজিদের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন হঠাৎ হাতে হাঁসুয়া নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালান এবং উপুর্যপরি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছিল। বর্তমানে ওই মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।