চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সমন্বিত ও সময়োপযোগী করে গড়ে তুলতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্যের এই নতুন বোর্ড গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের সদস্য তালিকায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গকে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, অভিনেত্রী কাজী নওশাবা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, গীতিকার প্রিন্স মাহমুদ, চলচ্চিত্র গবেষক আবদুর রহমান এবং চলচ্চিত্র পরিচালক ও প্রদর্শক সমিতির প্রতিনিধিরা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটির মাধ্যমে চলচ্চিত্র সেন্সর ও সার্টিফিকেশন সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে।