পাকিস্তানে নারী ও শিশুদের ওপর ভয়াবহ ও নৃশংস অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির অভিনয়শিল্পী ও সঙ্গীতশিল্পীরা। সম্প্রতি হারিপুরে পাঁচ বছরের এক শিশু এবং রাওয়ালপিন্ডিতে ৪৫ বছর বয়সী হিনা জাভেদ নামের এক নারীকে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক তারকা জানিয়েছেন, বারবার একই ধরনের ঘটনায় তারা লজ্জিত ও ক্লান্ত। র্যাপার তালহা ইউনুস বিচারব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে বলেন, শুধু নিন্দা জানানোই যথেষ্ট নয়, বরং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অভিনেত্রী নাদিয়া জামিল একে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, অপরাধীরা পরিচিতজন হওয়ায় নারীরা কোথাও নিরাপদ বোধ করছেন না।
অনেকে মনে করেন, সমাজের মানসিকতা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না। অভিনেত্রী সারওয়াত গিলানি এবং আয়েশা ওমরের মতো তারকারা শিশুদের সঠিক শিক্ষা ও পুরুষদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। এদিকে, শিশু অধিকার সংস্থা ‘সাহিল’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে প্রায় দুই হাজার শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে।